নানা বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের হাফসার

  • প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ০৭:৫২
  • আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ০৭:৫২
1000270388

আবুল কাশেম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় নানা বাড়ি থেকে ইজিবাইকে করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় হাফসা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও ইজিবাইক চালক আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাপুর-মাঝারদিয়া সড়কের কাগদী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।


নিহত হাফসা আক্তার পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আনিস মোল্যার ছোট মেয়ে। তিনি সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনহাজদিয়া এলাকার মঞ্জুর মোল্যার নাতনি।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিক্ষক আনিস মোল্যার তিন মেয়ের মধ্যে হাফসা সবার ছোট। গত বৃহস্পতিবার মামার সঙ্গে সে সালথার সোনাপুর ইউনিয়নের মিনহাজদিয়া এলাকায় নানা বাড়িতে বেড়াতে যায়। রোববার দুপুরে তার মা চামেলি বেগম মেয়েকে সঙ্গে নিয়ে ইজিবাইকে করে নগরকান্দার জুঙ্গুরদীর বাড়ির উদ্দেশে রওনা হন।

পথে কাগদী বাজারের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ইজিবাইকটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি রাস্তার পাশে নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় হাফসা ইজিবাইক থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।


পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হাফসার মা চামেলি বেগম ও ইজিবাইক চালক আহত হন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আবুল কাশেম

১৩ সেপ্টেম্বর ২০২৬

০১৭৮৬২৮৫৪৩৭

সালথা, ফরিদপুর

Ad