'নওগাঁ বিশ্ববিদ্যালয়’ ৮০ জন শিক্ষার্থী নিয়ে নতুন পথ চলা আরম্ভ করলো
সাইফুল ওয়াদুদ, নওগাঁ প্রতিনিধি:
দীর্ঘ প্রতীক্ষা ও আন্দোলনের পর অবশেষে বাস্তব রূপ পেল নওগাঁবাসীর স্বপ্নের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্ববিদ্যালয়টি। এর ফলে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার পরিসরে যুক্ত হলো সম্ভাবনাময় এক নতুন শিক্ষাপ্রতিষ্ঠান।
শনিবার (১৮ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ ) দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এর আগে তিনি শহরের বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ফলক উন্মোচন করেন। নওগাঁ জেলার ১৩ জন এবং দেশের বাকি ৪৩টি জেলার ৬৭ জন শিক্ষার্থীসহ মোট ৮০ জন নবীন শিক্ষার্থীকে বরণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের এই পথচলা শুরু হলো।
আজ ১৯ জুলাই (রবিবার) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাস অনুষ্ঠিত হবে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ট্রল-অপবাদে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাম্প্রতিক এইচএসসি পরীক্ষা ঘিরে আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন,
"যে যত ট্রলই করুন, যে যত অপবাদই দিন না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না। আমরা এ জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব নিয়ে এসেছি। শিক্ষা ভাবনাকে বাদ দিয়ে যারা উচ্ছৃঙ্খল কথা বলে সমাজকে উসকানি দিতে চায়, আমাদের এই তরুণ প্রজন্ম তাদের ব্যর্থ করে দেবে।"
মন্ত্রী আরও জানান, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার উচ্চশিক্ষাকে নতুন কাঠামোয় এগিয়ে নিচ্ছে। অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট ৮৭ হাজার কোটি টাকা থেকে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে এবং ভবিষ্যতে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। এছাড়া সেশনজট কমাতে ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি এবং মার্চে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের স্থানীয় চাহিদা বিবেচনায় এখানে আন্তর্জাতিক মানের ‘স্কুল অব এগ্রিকালচার’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন মন্ত্রী।
এক নজরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শুভ সূচনা
উদ্বোধন: ১৮ জুলাই ২০২৬, শনিবার।
প্রথম ক্লাস: ১৯ জুলাই ২০২৬, রবিবার (সকাল ১০টা)।
প্রাথমিক শিক্ষার্থী: ৮০ জন (নওগাঁর ১৩ জন, অন্যান্য জেলার ৬৭ জন)।
অনুমোদিত বিভাগসমূহ: আইন বিভাগ (আইন অনুষদ) এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগ (বিজনেস স্টাডিজ অনুষদ)।
অস্থায়ী ক্যাম্পাস: বরুনকান্দি এলাকা, নওগাঁ।
সুধীজনের পদচারণায় মুখরিত অনুষ্ঠান
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁর বিভিন্ন আসনের সংসদ সদস্যবৃন্দ—ইঞ্জিনিয়ার এনামুল হক (নওগাঁ-২), ফজলে হুদা বাবুল (নওগাঁ-৩), ইকরামুল বারী টিপু (নওগাঁ-৪), জাহিদুল ইসলাম ধলু (নওগাঁ-৫), শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম (নওগাঁ-৬), নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পুলিশ সফল মোহাম্মদ তারিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
উল্লেখ্য, ২০২৩ সালে আইন পাসের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার পর ২০২৫ সালের ৩ ডিসেম্বর ইউজিসির সভায় বিশ্ববিদ্যালয়টিতে দুটি বিভাগ খোলার অনুমোদন দেওয়া হয়। নতুন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় নওগাঁসহ আশপাশের জেলার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টদের বিশ্বাস, এই বিশ্ববিদ্যালয়টি আধুনিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের উন্নয়নে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।


