নাটোরে ‘জয় বাংলা’ স্লোগানে ১৭ রাউন্ড গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ
সৈয়দ মোঃ মাসুদ:
নাটোর শহরতলির দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে তিনটি মাইক্রোবাসে করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কসংলগ্ন দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে তিনটি মাইক্রোবাসে করে একদল যুবক বাজারে আসে। এ সময় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়ি ফিরছিলেন। একটি মাইক্রোবাসের ভেতর থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। পরে গাড়ি থেকে নেমে ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে তারা। এ সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়া হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ ঘটনায় ১০ থেকে ১৫ জন অংশ নেয়। গুলির শব্দে দত্তপাড়া সেতুর দুই পাশে বেশ কয়েকটি ভারী যানবাহন থেমে যায়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা জোরদারে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাজারের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম বলেন, ‘এই বাজারে কোনো দিন এমন ঘটনা ঘটেনি। দুর্বৃত্তরা জয় বাংলা স্লোগান দিয়েছে। মনে হচ্ছে, তারা আওয়ামী লীগ করে। অনেকগুলো গুলির শব্দে এলাকার লোকজনের মধ্যে ভীতি তৈরি হয়েছে। তাদের মাইক্রোবাস বনপাড়ার দিকে গেছে।’
নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মানুষকে আতঙ্কিত করতে এ ঘটনা ঘটানো হতে পারে। পুলিশ সতর্ক রয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

.webp)

