টাঙ্গাইলে ৩ বছরের শিশু আদিবা হত্যায় প্রতিবেশী দম্পতির স্বীকারোক্তি,নিখোঁজের পর বাড়ির আঙিনায় মিলেছিল রক্তাক্ত মরদেহ, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি

  • প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:৪০
  • আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:৪০
WhatsApp Image 2026-11-28 at 4.56.29 PM

সুলতান কবির :

টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর এলাকায় তিন বছরের শিশু মোছা. আদিবা ইসলামকে হত্যার ঘটনায় প্রতিবেশী দম্পতি ছাবিনা আক্তার ও আলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকারের পাশাপাশি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশু আদিবার বাবা আমিনুল হক (২৯) জীবিকার তাগিদে গাজীপুরে ওয়ালটন কোম্পানিতে চাকরি করেন। তাঁর স্ত্রী শিরীন আক্তার (২৬) ও তিন বছরের মেয়ে আদিবা টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন।গত ২৫ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো প্রতিবেশী আলিমের ছোট ছেলে আহসানের সঙ্গে খেলতে বের হয় আদিবা। সকাল সাড়ে ১০টার দিকে মা শিরীন আক্তার মেয়েকে খাবার খাওয়ানোর জন্য বাড়ির পাশের ইটের সলিং রাস্তায় গিয়ে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

পরদিন ২৬ নভেম্বর ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটে প্রতিবেশী ফরমান আলী (৬৫) ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিজের সিএনজি রাখার ঘরের সামনে এবং আলিমের বসতঘরের পেছনে আদিবার রক্তাক্ত মরদেহ দেখতে পান। তাঁর চিৎকারে শিশুটির বাবা ও স্থানীয়রা ছুটে আসেন। এ সময় আদিবার কপাল, ঠোঁট ও নাকে থেতলানো ও ছিলা জখমের চিহ্ন দেখা যায়।খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় শিশুটির বাবা আমিনুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেন। মামলাটি এফআইআর নং-৫০, তারিখ ২৬ নভেম্বর ২০২৬; দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীর তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের নেতৃত্বে তদন্তকারী দল তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও স্থানীয় সোর্সের মাধ্যমে অনুসন্ধান চালায়।একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী ছাবিনা আক্তার (৩৪) ও তাঁর স্বামী আলিমকে (৩৬) হেফাজতে নেয় পুলিশ। ব্যাপক জিজ্ঞাসাবাদে তাঁরা শিশু আদিবাকে হত্যার কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ গুম করার কাজে ব্যবহৃত একটি লুঙ্গি ও একটি টিনের চালের ড্রাম উদ্ধার করে জব্দ করা হয়।পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত দুজনই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।মাত্র তিন বছরের শিশু আদিবার এমন মর্মান্তিক মৃত্যুতে গোসাই জোয়াইরসহ আশপাশের এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীর হাতে শিশুটি হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

Ad