নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ০৪:২৪
  • আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ০৪:২৪
WhatsApp Image 2026-11-17 at 6.21.56 AM

নওগাঁ থেকে সাইফুল ওয়াদুদ:

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনাকে অতীতের লগি-বৈঠার আন্দোলনের তাণ্ডবের সঙ্গে তুলনা করেছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাছানাত আলী। তিনি বলেন, ওই সময় মানুষকে পিটিয়ে হত্যার যে নৃশংসতা দেখা গিয়েছিল, গোপালগঞ্জের ঘটনা তা আবারও স্মরণ করিয়ে দিয়েছে।গতকাল দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।উপাচার্য বলেন, গোপালগঞ্জে নির্বিচারে বাড়িঘরে অগ্নিসংযোগসহ যেসব সহিংস ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তিনি দেশবাসীর প্রতি এ আহ্বান জানান।তিনি আরও বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির অজুহাতে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও শিল্পকারখানায় আগুন দেওয়ার ঘটনা দেশের অর্থনীতিকে পঙ্গু করার ষড়যন্ত্রের অংশ। দেশের সম্ভাবনাময় তৈরি পোশাকশিল্পকে ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে প্রচলিত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।

ড. হাছানাত আলী বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা—দেশে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। একই সঙ্গে চাঁদাবাজি, সন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, শিল্পকারখানায় অগ্নিসংযোগ ও অরাজকতা সৃষ্টিকারীদের কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে ছাড় দেওয়া উচিত নয়। অপরাধী যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অপরাধীদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগের আহ্বান জানান তিনি।

সমাবেশে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আমেনা আক্তার, আইন বিভাগের প্রভাষক সানজিদা কবিরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য দেন।

Ad