পাবনা সদর থানায় অভিযান: ৮ রাউন্ড গুলি ও রিভলভার উদ্ধার, গ্রেপ্তার ১

  • প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৯:০০
  • আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৯:০০
1000274602

পাবনা প্রতিনিধি:

​পাবনায় বিশেষ অভিযান চালিয়ে ৮ রাউন্ড গুলিসহ একটি রিভলভার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় খন্দকার শাহরিয়ার কবির রিমন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

​পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশি তৎপরতার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার বিশেষ দল (সিআরটি) পাবনা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রাধানগর মজুমদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে নিজ বাড়ি থেকে খন্দকার হারুনুর রশিদের ছেলে শাহরিয়ার কবির রিমনকে আটক করা হয়।

​পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে শয়নকক্ষের ওয়্যারড্রপের ড্রয়ার থেকে দিয়াশলাইয়ের প্যাকেটে রাখা ৮ রাউন্ড গুলি এবং টয়লেটের কমোডের অ্যাকচ্যুয়াল ফ্লাশ ট্যাংকের ভেতর থেকে কালো কাপড়ে প্যাঁচানো একটি ৮ চেম্বার বিশিষ্ট .২২ ক্যালিবারের রিভলভার উদ্ধার করা হয়।

​ওসি তারিকুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বিচারকের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Ad