পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসুফ আহম্মেদের নেতৃত্বে অভিযান, মাদক মামলায় দেলোর ৩ মাসের কারাদণ্ড
কামরুল হাসান জুয়েল ,নরসিংদী জেলা প্রতিনিধি:
মাদকের ভয়াল ছোবল থেকে সমাজকে রক্ষা এবং মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও বিস্তার রোধে নরসিংদীর বিভিন্ন এলাকায় প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে দেলোয়ার ওরফে দেলো (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান।
অভিযান চলাকালে পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসুফ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল নেহাব এলাকায় অভিযান পরিচালনা করে দেলোয়ার ওরফে দেলোকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক কার্যক্রম শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১৬ ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। এ সময় আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রত্যন্ত এলাকায় মাদকের বিস্তার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল। তাদের মতে, মাদকের বিরুদ্ধে শুধু অভিযান নয়, একই সঙ্গে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদেরও সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
সচেতন মহলের প্রত্যাশা, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত ও আরও জোরদার হলে নেহাবসহ আশপাশের এলাকায় মাদকের বিস্তার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।



