পুলিশ-সেনা কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি, প্রতারক গ্রেফতার
সৈয়দ মাসুদ রাজশাহী:
পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও অর্থ দাবির অভিযোগে মো. শরিফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রানীনগর পানির ট্যাংকি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে র্যাব-৫-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, শরিফুল ইসলাম বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস) মো. হুমায়ুন কবীরের নাম, পদবি ও ছবি ব্যবহার করে অন্যের নামে নিবন্ধিত একটি সিমকার্ড দিয়ে ‘Additional DIG Humayun’ নামে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খোলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল স্বীকার করেছেন, ওই আইডি ব্যবহার করে প্রশাসন ক্যাডার, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও দায়রা জজ এবং আইনজীবীদের ফোন ও মেসেজ করতেন। বিভিন্ন মামলার ভয় দেখিয়ে তাদের কাছে টাকা দাবি করতেন বলেও জানায় র্যাব।
র্যাব আরও জানায়, শরিফুল রাজশাহী ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণা চালিয়ে আসছিলেন। এর আগেও পুলিশ কর্মকর্তার পরিচয়ে একই ধরনের প্রতারণার অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এসব মামলায় গ্রেফতার হয়ে পরবর্তীতে জামিনে মুক্তি পাওয়ার পরও তিনি পুনরায় একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন বলে জানিয়েছে র্যাব।
অভিযানের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন শরিফুল। এ ঘটনায় তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



