চট্রগ্রাম সিটি কলেজ ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল
ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে চট্টগ্রামের সিটি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর ৭১ এর পরাজিত শক্তি গুপ্ত জামাত শিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাস চত্ত্বরে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. ইমরান হোসেন এর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়াম, পাবনা জেলা ছাত্রদলের সদস্য সম্রাট হোসেন, উপজেলা ছাত্রদল নেতা আল আমিন হোসেন।
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মৃদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শ্রাবণ আহমেদ, প্রচার সম্পাদক মাহমুদ হাসান শান্ত, কলেজ ছাত্রনেতা তাওহীদ, শাহরিয়ার শান্ত, মোঃ আপন ইসলাম, সিয়াম হাসান মারুফ, স্বপ্নীল, উপজেলা ছাত্রদল নেতা মোঃ দীপু হোসেন, পৌর ছাত্রদল নেতা মোঃ দেশ প্রমূখ।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল—‘জামায়াত-শিবির যেখানে, লড়াই হবে সেখানে’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে ক্যাম্পাস ছাড়’, ‘শিবিরের সন্ত্রাস রুখে দাও’ এবং ‘জিয়ার সৈনিক এক হও’।
বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল, তা বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ রাখে না। তারা একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গ টেনে ক্যাম্পাস থেকে ‘শিবিরকে বিতাড়িত করার’ আহ্বান জানান। ঈশ্বরদী সরকারি কলেজে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন।
তারা আরো বলেন, জামায়াত-শিবির কখনোই ৭১ নিয়ে কথা বলার নৈতিক অধিকার রাখে না। শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা বন্ধ না হলে অতীতের মতো কঠোর রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হবে।
ছাত্রদল নেতারা আরও বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জামায়াত-শিবির দখলদারিত্ব কায়েম করেছে এবং চট্টগ্রাম সিটি কলেজের ঘটনাকে তারই ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন।
তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পরও সহিংস রাজনৈতিক আচরণ চলমান রয়েছে। তারা সতর্ক করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা হলে তার কঠোর প্রতিক্রিয়া আসবে।



