সাভারে জাবাল ই নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
সাভার প্রতিনিধিঃ
সাভারে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও শিক্ষার মানোন্নয়নে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাবাল-ই-নুর ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্লা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবাল-ই-নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিরুল কালিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ জয়নুল আবেদীন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. আ জ ম কুতুবুল ইসলাম নোমানী, সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসেন, জাবাল- ই-নূর আলিম মাদ্রাসার অধ্যক্ষ হুসাইন উদ্দিন সহ আরো অনেকে। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশ ও জাতির উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে। এ ধরনের বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে এক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা সনদ ও ক্রেস্ট তুলে দেয়া হয়। ৬১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ১৬২ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। সর্বমোট ২২৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।



