দেবিদ্বারে অবৈধ ইটভাটায় অভিযান: দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

  • প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, বিকাল ০৬:১১
WhatsApp Image 2026-04-30 at 5.32.22 PM

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে পরিবেশবিধি অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার চরবাকর এলাকায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত অভিযানে দুটি ইটভাটায় মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ভাটার চিমনি, কিলন ভেঙে দেওয়া এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়। অভিযান সূত্রে জানা যায়, প্রথমে মেসার্স এমবিএস ব্রিকস নামক ইটভাটায় অভিযান চালানো হয়। সেখানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ৮(৩) ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে একই আইনের ১৮(২) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়। পাশাপাশি পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় ভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া প্রায় ১০ হাজার কাঁচা ইট ধ্বংস করা হয়, যা অবৈধ উৎপাদনের অংশ হিসেবে বিবেচিত হয়। এরপর একই এলাকায় অবস্থিত মেসার্স ফাইভ স্টার ব্রিকস এ অভিযান চালানো হয়। এখানেও একই অপরাধে ৮(৩) ধারা লঙ্ঘনের দায়ে ১৮(২) ধারা অনুযায়ী ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভাটাটির চিমনি ভেঙে ফেলা হয় এবং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সুলতান হাসান মাহামুদ। এ সময় পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার একটি বিশেষ টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে। এছাড়া দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ ইটভাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। কৃষিজমি নষ্ট হওয়া, বায়ুদূষণ বৃদ্ধি এবং জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হওয়ায় এসব ভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তারা আরও বলেন, পরিবেশ সুরক্ষা এবং আইন বাস্তবায়নে জেলা প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না। যারা আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে এলাকায় পরিবেশ দূষণ কমবে এবং কৃষিজমি রক্ষা পাবে। পরিচালিত এই অভিযান শুধু জরিমানা আদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর বার্তা হিসেবে কাজ করবে। পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Ad