দেবিদ্বারে অবৈধ ইটভাটায় অভিযান: দুই ভাটায় ৮ লাখ টাকা জরিমানা

  • প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৩৭
দেবিদ্বারে অবৈধ ইটভাটায় অভিযান

দেবিদ্বারে অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে দেবিদ্বার উপজেলায় দুটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কালিকাপুর এলাকার এম.এম. ব্রিক্স এবং জাফরগঞ্জ এলাকার সনি ব্রিক্স নামক দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে ভাটাগুলোতে প্রস্তুতকৃত কাঁচা ইট ও অবৈধ কিল্ন (Kiln) ভেঙে বিনষ্ট করা হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় এম.এম. ব্রিক্সকে ৫ লাখ টাকা এবং সনি ব্রিক্সকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর দেবিদ্বার ক্যাম্পের একটি টিম উপস্থিত ছিল, যাদের নেতৃত্ব দেন মেজর মো. সানিউল আলম। এছাড়া পরিবেশগত দিক যাচাই ও কারিগরি সহায়তায় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রায়হান মোর্শেদ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, অনুমোদন ছাড়া ইটভাটা স্থাপন ও পরিচালনার ফলে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষিজমি ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই পরিবেশ সংরক্ষণ ও আইনের শাসন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন অবৈধ ইটভাটার সঙ্গে জড়িতদের দ্রুত আইনগত আওতায় আনার পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে পরিবেশবান্ধব ও আইনসম্মতভাবে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করেছে।

Ad