রাজশাহীতে ১০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান
রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর পবা উপজেলায় বাতব্যথা ও দীর্ঘমেয়াদি অচলতায় ভোগা প্রায় ১০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার সার্ভিস সেন্টার ফর এল্ডারলি পিপল বৃদ্ধনিবাসে স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান রিজেনেক্স ফাউন্ডেশনের উদ্যোগে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।এ সময় ঢাকার পপুলার হাসপাতালের ইন্টারভেনশনাল রিউমাটোলজি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মঞ্জুর এ খোদার প্রত্যক্ষ তত্ত্বাবধান ও সহযোগিতায় বাতব্যথা এবং দীর্ঘদিনের শারীরিক অচলতায় ভোগা প্রায় ১০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীদের মধ্যে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।এ ছাড়া সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে হতদরিদ্র ও অসহায় মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এতে স্থানীয় অসহায় রোগী ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে স্বস্তি দেখা যায়।
রিজেনেক্স ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি নিবন্ধিত হওয়ার পর ২০২৬ সাল থেকে বাতব্যথা ও দীর্ঘমেয়াদি অচলতায় ভোগা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণসহ বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রোগীদের বিনামূল্যে চিকিৎসার আওতায় আনাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের মানবিক ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।



