রাজপথের ত্যাগ-সংগ্রামের পথ ধরে ৫ বছরে গণঅধিকার পরিষদ, ফরিদপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, রাত ০৮:৪৫
  • আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, রাত ০৮:৪৫
1000286316

আবুল কাশেম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ফরিদপুরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ফরিদপুর জেলা প্রেসক্লাবে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২১ সালের ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গণঅধিকার পরিষদ। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত দলটি শুরু থেকেই রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের দাবিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।


প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে রাষ্ট্র সংস্কারের দাবি এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান—দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পর্যায়ে গণঅধিকার পরিষদ ও এর নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাজপথের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ, নির্যাতন ও প্রতিকূলতা মোকাবিলার মধ্য দিয়েই দলটি আজকের অবস্থানে পৌঁছেছে।


বক্তারা আরও বলেন, গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন ২১ দফা কর্মসূচিতে রাষ্ট্র সংস্কারের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছিল। এর মধ্যে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা এবং একজন ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ বন্ধ করার মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল। গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা ও রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার দাবিতে দলটি ভবিষ্যতেও কাজ করে যাবে।

অনুষ্ঠানে ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন বলেন, শেখ হাসিনার শাসনামলে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সরকারি চাকরিতে বিদ্যমান ৫৬ শতাংশ কোটা বিলুপ্তির পথ তৈরি হয়। ওই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের হাত ধরেই ২০২১ সালে গণঅধিকার পরিষদের জন্ম হয়।


তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে গণঅধিকার পরিষদের দীর্ঘ ইতিহাস রয়েছে। আগামী দিনেও জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র শক্তিশালী করা এবং দেশের সংকটময় মুহূর্তে মানুষের পাশে থাকার ধারাবাহিকতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ফরহাদ হোসেন বলেন, জুলাই-পরবর্তী সময়ে গণঅধিকার পরিষদকে রাজনৈতিকভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এসব প্রচেষ্টা সফল হবে না। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের অগ্রগতি এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের শুভেচ্ছাবার্তা উপস্থিত নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়। বার্তায় তিনি দলের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীকে প্রাণঢালা ভালোবাসা ও শুভেচ্ছা জানান।


ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুবেল শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা কমিটির সিনিয়র সহসভাপতি ফিরোজ শেখ, মনির চৌধুরী, জিয়া খান, আলমগীর শিকদার, সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ হাসান, দপ্তর সম্পাদক আলামিন হোসেন লিখন, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বাইজিদ হোসেন বিপুল, জেলা শ্রমিক অধিকার পরিষদের সহসভাপতি সোহেল খান, বোয়ালমারী উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলিমুজ্জামান বাবলু শরীফ ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না।


এ ছাড়া সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্যা (ইমরান), ফরিদপুর সদর উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্যসচিব রাজু আহম্মেদসহ বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Ad