সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বাইসাইকেল বিতরণ

  • প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৭:৩৬
  • আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৭:৩৬
1000268679

আবুল কাশেম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

‘গড়তে আলোকিত সুন্দর পৃথিবী, এগিয়ে এসো হে মেধাবী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেছে ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইউসুফদিয়া আব্দুল আলী ও নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের হলরুমে সংগঠনটির উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ৭ম থেকে ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী এবং প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত চারজন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও বাইসাইকেল উপহার দেওয়া হয়।

ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তি ও শিক্ষা উপকরণ দিয়ে আসছে। এছাড়া বিভিন্ন দুর্যোগ ও আপদকালীন সময়ে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপবৃত্তি ও বাইসাইকেল তুলে দেন সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান।

ইউসুফদিয়া আব্দুল আলী ও নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকিলা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহআলম হোসেন, সিনিয়র শিক্ষক মো. ওসমান গনি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো. মাইনুল ইসলাম, সহকারী শিক্ষক সুমন পালসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা।


এছাড়া ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. রাকিবুল ইসলাম (তারেক), সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল হাসান, আইন বিষয়ক সম্পাদক মো. মোকলেছুর রহমান, দপ্তর সম্পাদক মো. মিরাজ হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. রাকিবুল ইসলাম (তারেক) বলেন, “ইউসুফদিয়া ও আশপাশের এলাকার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যেই আমরা সংগঠনটি গড়ে তুলেছি। এরই অংশ হিসেবে নিয়মিত উপবৃত্তি, মেধাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করে আসছি। 

পাশাপাশি এলাকার মানুষের প্রয়োজনে বিভিন্ন সময়ে ত্রাণ ও মানবিক সহায়তা দিয়ে থাকি। স্বেচ্ছাসেবী এই সংগঠনকে আরও এগিয়ে নিতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Ad