আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা সানা গ্রেপ্তার, বিভিন্ন থানায় ৮ মামলা
ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি: লাবলু বিশ্বাস
পাবনার সাঁথিয়া পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা ও দীর্ঘদিনের দুর্ধর্ষ চোর সানোয়ার হোসেন ওরফে সানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ মে) রাতে সাঁথিয়া থানা পুলিশ তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) এর তত্ত্বাবধানে এবং সাঁথিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সানোয়ার হোসেন ওরফে সানাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সানোর বিরুদ্ধে বেড়া, ভাঙ্গুড়া, পাবনা সদর ও শাহজাদপুর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও মাদক সংক্রান্ত মোট ৮টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ৭টি চুরি ও ডাকাতি মামলা এবং একটি মাদক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সানা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা চোর চক্র পরিচালনা করে বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে চুরি ও ডাকাতি কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সাঁথিয়া থানা পুলিশ জানিয়েছে, চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



