কিশোরগঞ্জে 'সৌদি প্রবাসী তথ্য সেবা' কেন্দ্র: বিনামূল্যে সেবা পেয়ে খুশি প্রবাসী ও তাদের স্বজনরা
রকি হাসান ,স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকায় গড়ে উঠেছে 'সৌদি প্রবাসী তথ্য সেবা কেন্দ্র'। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য সেবাপ্রার্থী এখানে আসছেন প্রয়োজনীয় নানা তথ্য ও পরামর্শ নিতে।
বিশেষ করে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী ও তাদের স্বজনদের ইকামা সংক্রান্ত তথ্য সহায়তা, কফিলের মোবাইল নম্বর সংগ্রহ, ইকামার জরিমানা ও মামলা পরীক্ষা এবং প্রবাস জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে অনলাইনভিত্তিক সেবা দিচ্ছে কেন্দ্রটি। সবচেয়ে বড় বিষয় হলো, এসব সেবা পাওয়ার জন্য কোনো অর্থ খরচ করতে হয় না বলে জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো: জাকির হোসেন। প্রবাসী ও তাদের পরিবারের কল্যাণে জাকির হোসেনের এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দূর-দূরান্ত থেকে আসা সেবাপ্রার্থী ও স্থানীয় বাসিন্দারা।
রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সৌদিতে অবস্থানরত স্বজনদের নানা আইনি ও ভ্রমণ জটিলতা (যেমন: সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে কি না) নিয়ে সকাল থেকেই শত শত ভুক্তভোগী কেন্দ্রটিতে ভিড় করেছেন। কেউ সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন, কেউ পরামর্শ নিচ্ছেন, আবার অনেকেই নিজস্ব সমস্যার সঠিক সমাধান পেয়ে স্বস্তিতে বাড়ি ফিরছেন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আসা মো: সুমন মিয়া বলেন, "আমি ফেসবুকে ভিডিও দেখে আজ সকালে এসেছি। আট বছর আগে আমি সৌদি আরব থেকে দেশে ফিরেছিলাম। জাকির ভাই অনলাইনে যাচাই করে জানালেন আমার ওপর থাকা আট বছরের নিষেধাজ্ঞার এখনো দুই বছর বাকি আছে। উনার সেবার মান খুবই ভালো, আমরা অনেক উপকৃত হচ্ছি।"
অন্যতম সেবাপ্রার্থী নজরুল ইসলামসহ আরো কয়েকজন জানান, "আমরা দীর্ঘদিন ধরে সৌদি আরবে যাতায়াত সংক্রান্ত নানা সমস্যায় ভুগছিলাম। এখানে সঠিক পরামর্শ ও বিনামূল্যে প্রয়োজনীয় তথ্যসেবা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।"
নিউটাউন পশ্চিম তারাপাশা এলাকার এক স্থানীয় বাসিন্দা বলেন, "জাকির হোসেন এই কেন্দ্রটি চালু করার পর ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন প্রচুর মানুষ আসছেন। সেবাগ্রহীতারা প্রায়ই বলেন, যে তথ্য জানতে তাদের সৌদি আরব গিয়ে হয়তো কয়েক লাখ টাকা খরচ করতে হতো, তা তারা এখানে ঘরে বসেই বিনামূল্যে পাচ্ছেন।"
উদ্যোগটির বিষয়ে স্বত্বাধিকারী মো: জাকির হোসেন বলেন, "সৌদি আরবে অর্জিত আমার অভিজ্ঞতাকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতেই এই উদ্যোগ নিয়েছি। বিদেশে গিয়ে যেন কোনো প্রবাসী ভাই কাগজপত্র সংক্রান্ত জটিলতায় না পড়েন, সেজন্য ইকামা চেক, কফিলের নম্বর বের করা, জরিমানা ও মামলা সংক্রান্ত তথ্য যাচাইসহ বিভিন্ন অনলাইন সেবা নিখরচায় দেয়া হয়। সৌদিতে থাকা প্রবাসী ও দেশে থাকা তাদের স্বজনরা যেন কোনো প্রকার প্রতারণা বা ভোগান্তি ছাড়া নির্বিঘ্নে সঠিক সেবা পান—এটাই আমার মূল উদ্দেশ্য।"

.webp)

