শিবালয়ের জাফরগঞ্জে কেমিক্যাল দিয়ে জিলাপি বানানোর অভিযোগ, তথ্য সংগ্রহে সাংবাদিককে লাঞ্ছিত
শাহাদুর রহমান সুজন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজারের মামা ভাগিনা হোটেল এন্ড সুইটস এ সরিষার তেলের নামে রং ও হাইড্রোজসহ ক্ষতিকর কেমিক্যাল দিয়ে জিলাপি ভাজার অভিযোগ উঠেছে। বিষাক্ত এই জিলাপি ছোট-বড় সবাই খাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের প্রোপাইটর সঞ্জয় দত্ত দীর্ঘদিন ধরে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছেন। কেমিক্যালযুক্ত জিলাপি খেয়ে মানুষের ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
বিষয়টির সত্যতা যাচাই করতে গেলে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক মো: বাদশা মিয়া কে সঞ্জয় দত্ত ও তার লোকজন দিয়ে মব সৃষ্টি করে হেনস্তা করা হয়। সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে জনগণকে উস্কানি দেয়।
ভুক্তভোগী সাংবাদিক মো: বাদশা মিয়া বলেন, "আমি শুধু সত্য তথ্য সংগ্রহ করতে গিয়েছিলাম। তারা আমার উপর হামলার চেষ্টা করে এবং আমার জান-মালের নিরাপত্তা হুমকির মুখে ফেলে দেয়।"
এ ব্যাপারে অভিযুক্ত সঞ্জয় দত্তের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এদিকে বিষাক্ত কেমিক্যাল দিয়ে খাবার তৈরির ঘটনায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত ভোক্তা অধিকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।



