শ্রমিক দলের নতুন নেতৃত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমানুল্লাহ আমান ও শিমুল বিশ্বাসের সৌজন্য সাক্ষাৎ
মো:মনিরুজ্জামান (মুন্না),পাবনা জেলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির শীর্ষ নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সারা দেশে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করে আসছেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তার এই সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক তৎপরতার স্বীকৃতিস্বরূপই প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমান তাকে নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিবের দায়িত্ব দিয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাক্ষাৎকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নবগঠিত কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপির পাশাপাশি উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ডাকসু ভিপি আমানুল্লাহ আমান এমপি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাক্ষাতে নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশের শ্রম খাতের সার্বিক পরিস্থিতি, শ্রমিকদের স্বার্থ ও অধিকার সুরক্ষায় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদস্য সচিব হিসেবে শামছুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্ব ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর বিষয়টি গুরুত্ব পায়।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং শ্রমজীবী মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



.webp)