চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজায় উসকানি-গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা নজরদারিতে এসআরবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে উসকানি ও গুজব প্রতিরোধে সার্বক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।রবিবার দুপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার এএসপি তরিকুল ইসলাম।এ সময় তিনি সাংবাদিকদের বলেন, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে সাইবার মনিটরিং সেল গঠন করে এসআরবির দুজন সদস্য ২৪ ঘণ্টা ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নজরদারি করছেন। কেউ উসকানিমূলক কিছু পোস্ট করলে বা গুজব ছড়ালে তাৎক্ষণিকভাবে তাকে শনাক্ত করা সম্ভব হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।তবে এখন পর্যন্ত গুজব বা উসকানিমূলক কোনো পোস্ট খুঁজে পায়নি এসআরবির বিশেষ এ সাইবার মনিটরিং সেল।
এসআরবি কোম্পানি কমান্ডার আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের ১৬৪টি পূজামণ্ডপে নিরাপত্তা দিচ্ছেন এসআরবি সদস্যরা। এ ছাড়া অতিরিক্ত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

.webp)

