দেবিদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে কঠোর অভিযান, ৪টি ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন
জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বারে কৃষিজমি রক্ষা ও অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সোমবার (১৩ এপ্রিল) দিনব্যাপী বিশেষ অভিযানে উপজেলার ভানী ইউনিয়নের পাঁচরঙ্গী ও বুড়ারপাড় এলাকায় মোট চারটি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে প্রায় ২ হাজার ফুট পাইপ জব্দ ও ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে ভরাটের কাজ চালিয়ে আসছিল। এতে একদিকে যেমন উর্বর কৃষিজমি নষ্ট হচ্ছিল, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে ভানী ইউনিয়নের পাঁচরঙ্গী এলাকায় দুটি ড্রেজার মেশিনসহ প্রায় ১,৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়। এছাড়া একই ইউনিয়নের বুড়ারপাড় এলাকায় আরও দুটি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, “কৃষিজমি রক্ষা করা সরকারের অগ্রাধিকারমূলক দায়িত্ব। কোনোভাবেই অবৈধ ড্রেজার দিয়ে মাটি কেটে কৃষিজমি ধ্বংস করতে দেওয়া হবে না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।" তিনি আরও বলেন, “প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কেউ যদি রাতের আঁধারে বা গোপনে মাটি কাটার চেষ্টা করে, তাহলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।” স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার ব্যবসায়ীরা এলাকার কৃষিজমি ধ্বংস করে আসছিল। প্রশাসনের এমন পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। স্থানীয়রা আশা করছেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণ নিশ্চিত হবে।



