টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
সুলতান কবির :
টাঙ্গাইলে সুরমান রেজা নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় পরিত্যক্ত দি টাঙ্গাইল মডেল ফিলিং স্টেশন থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত সুরমান রেজা টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে। তিনি ব্যবসার পাশাপাশি গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।নিহতের ভাই হালিম রেজা বলেন, সুরমান ব্যবসার পাশাপাশি একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। কী থেকে কী হলো, কিছুই বুঝতে পারছি না।
সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।এ বিষয়ে, টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার মূল রহস্য জানা যাবে।



