টেকনাফে বিজিবির জোড়া অভিযানে ১ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১
এম,হাসান, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় একটি প্রাইভেট কারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অপর অভিযানে পাচারকারীদের ফেলে যাওয়া ইঞ্জিনচালিত নৌকা থেকে উদ্ধার করা হয়েছে আরও ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই পাচারকারী পালিয়ে যায়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় টেকনাফ বাজারসংলগ্ন শাপলা চত্বর এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ৪টার দিকে বিজিবি জানতে পারে, ওই এলাকা দিয়ে ইয়াবার একটি চালান কক্সবাজারের উদ্দেশ্যে পাচার করা হবে। পরে বিজিবির একটি আভিযানিক দল সেখানে অবস্থান নেয়।
সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে ঢাকা মেট্রো-খ-১২-৯৪৪৩ নম্বরের একটি সাদা রঙের প্রোটন সাগা প্রাইভেট কার সেখানে পৌঁছালে বিজিবি গাড়িটিকে থামার সংকেত দেয়। পরে গাড়িটি তল্লাশি করে পেছনের সিটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়িচালক মোঃ ইয়াসিন (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পাশাপাশি প্রাইভেট কার ও একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন নাফ নদীসংলগ্ন ১ নম্বর স্লুইস গেট এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সকাল ১০টার দিকে ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে দুই সন্দেহভাজন ব্যক্তিকে একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে নাফ নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি। তাদের গতিবিধি পর্যবেক্ষণের একপর্যায়ে নৌকাটি নদীর তীরে পৌঁছালে বিজিবির সদস্যরা ধাওয়া করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ১ নম্বর স্লুইস গেটসংলগ্ন বেড়িবাঁধের কাছে নৌকাসহ মালামাল ফেলে পার্শ্ববর্তী কেওড়াবাগানে পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত করা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, দুটি অভিযানে সর্বমোট ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক মোঃ ইয়াসিন (৪১) টেকনাফ পৌরসভার উত্তর ডেইলপাড়া ৫ নম্বর ওয়ার্ডের মরহুম মোঃ সুফির ছেলে। বিজিবির দাবি, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। অপর অভিযানে পালিয়ে যাওয়া দুই ব্যক্তি হলেন ইমরান ও ইয়াসের (২৪)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই দিনে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার বিজিবির মাদকবিরোধী কার্যক্রমে দৃঢ় অবস্থান ও পেশাদারিত্বের প্রতিফলন। মাদকের অনুপ্রবেশ ও বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি, উদ্ধার করা ইয়াবা এবং জব্দ করা অন্যান্য মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



.webp)