সমতলের আদিবাসীদের জন্য টেকনোক্র্যাট মন্ত্রী ও নারী এমপি দাবি
সৈয়দ মোঃ মাসুদ , রাজশাহী:
সমতলের আদিবাসীদের মধ্য থেকে টেকনোক্র্যাট কোটায় একজন মন্ত্রী নিয়োগের দাবি জানিয়েছে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে আরও চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- সংরক্ষিত নারী আসনে উত্তরবঙ্গের একজন আদিবাসী নারীর সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, পৃথক আদিবাসী বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং সংবিধানে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান।
সংবাদ সম্মেলনে তিন বছরের জন্য রাজশাহী মহানগর শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে সুমী মুরমু এবং সাধারণ সম্পাদক হিসেবে ইলিয়াস সরেন দায়িত্ব পেয়েছেন। পরে ভূমিমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংগু মুর্মু। লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু।
লিখিত বক্তব্যে বলা হয়, দেশের সমতল অঞ্চলে বসবাসরত আদিবাসীরা দীর্ঘদিন ধরে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে প্রান্তিক অবস্থায় রয়েছেন। রাষ্ট্রীয় উন্নয়ন কাঠামোর বাইরে থাকায় তাদের ভূমি অধিকার, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং সাংস্কৃতিক অস্তিত্ব এখনও অনিরাপদ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের মতো সমতলের আদিবাসীদের জন্য পৃথক কোনো প্রশাসনিক বা আইনি কাঠামো না থাকায় তারা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার হচ্ছেন।
অ্যাডভোকেট প্রভাত টুডু বলেন, সমতল আদিবাসীদের মধ্য থেকে একজন মন্ত্রী নিয়োগ এবং জাতীয় সংসদে আদিবাসী নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হলে তাদের সমস্যা ও সম্ভাবনা রাষ্ট্রীয় পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে।
তিনি আরও বলেন, পৃথক ভূমি কমিশন ও আদিবাসী বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হলে ভূমি সংকট, উচ্ছেদ, বঞ্চনা ও অধিকারহীনতার দীর্ঘদিনের সমস্যার টেকসই সমাধান সম্ভব।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, উত্থাপিত দাবিগুলো বাস্তবায়িত হলে সমতলের আদিবাসীদের দীর্ঘদিনের বঞ্চনা দূর হবে এবং দেশে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা পাবে।



