টেকনাফে প্রাণ হারালেন সেনাসদস্য তিতাস, কাঁদছে নগরকান্দার লস্করদিয়া

  • প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৪৬
  • আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৪৬
1000290296

আবুল কাশেম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি;


কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে নিহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. তিতাস শেখ (২৮)। তাঁর মৃত্যুর খবর ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়।


নিহত তিতাস শেখ ওই গ্রামের আফজাল হোসেনের ছেলে। শুক্রবার তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।


বিষয়টি নিশ্চিত করেন তিতাসের মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান (বাবুল) তালুকদার বলেন,


আমার ভাগিনা তিতাসের মরদেহ আজ বিকেলে বাড়িতে আনা হবে। এরপর জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে। তিতাস অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের ছেলে ছিল। তার এভাবে চলে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়।


এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়।


 একপর্যায়ে সেনাসদস্য তিতাস শেখ বাঁ কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


আইএসপিআরের তথ্য অনুযায়ী, যৌথ বাহিনীর এ অভিযানে জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়। পাশাপাশি মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।


এদিকে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, পাহাড়ে যৌথ অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তিতাসের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেশের দায়িত্ব পালন করতে গিয়ে তাঁর এমন মৃত্যুতে শোকাহত পুরো এলাকাবাসী।

Ad