দেবিদ্বারে নিষেধাজ্ঞা অমান্য করে চলা ২ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

  • প্রকাশ: ০৩ জুন ২০২৬, দুপুর ০৩:৪৩
  • আপডেট: ০৩ জুন ২০২৬, দুপুর ০৩:৪৩
1000204399

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:


কুমিল্লার দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা আদায় এবং চুল্লি ধ্বংস করা হয়েছে। বুধবার (৩ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে পূর্বে ভেঙে দেওয়া সত্ত্বেও পুনরায় কার্যক্রম শুরু করায় রাসেল ব্রিকস ও সুনিয়া ব্রিকস নামে দুটি ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৮(১) ধারায় রাসেল ব্রিকসকে ২ লাখ টাকা এবং সুনিয়া ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ভাটার চুল্লি নিভিয়ে দেওয়া হয় এবং নতুন প্রস্তুতকৃত ইটসহ চুল্লির কাঠামো বিনষ্ট করা হয়। অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর, দেবিদ্বার থানা পুলিশের একটি টিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা জানান, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে আইন অমান্য করে ইটভাটা পরিচালনার বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানানো হয়েছে।

Ad