চট্টগ্রাম থেকে ফেরার পথে নিখোঁজ, ১২ ঘণ্টা পর মিললো সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ

  • প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, বিকাল ০৫:১৬
  • আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, বিকাল ০৫:১৬
WhatsApp Image 2026-04-25 at 5.02.35 PM

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হওয়া সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বুলেট বৈরাগী কুমিল্লা নগরীর পানপট্টি এলাকার বাসিন্দা। তিনি সুশীল বৈরাগীর ছেলে এবং কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, সকালে মহাসড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোমিন জানান, আইরিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সংলগ্ন ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে দুপুর ১টার দিকে পরিবারের সদস্যরা থানায় গিয়ে সেটি বুলেট বৈরাগীর মরদেহ বলে শনাক্ত করেন। তিনি আরও জানান, মরদেহে বড় ধরনের কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখমণ্ডলে কিছু রক্তাক্ত দাগ ছিল। পরিবারের সদস্যরা জানান, গত ২৪ এপ্রিল রাতে চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে কুমিল্লার উদ্দেশে রওনা দেন বুলেট বৈরাগী। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। যোগাযোগ না হওয়ায় পরিবারের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, নিখোঁজের ঘটনায় পরিবার আগে অভিযোগ দিয়েছিল। মরদেহ উদ্ধারের পর স্বজনরা এসে পরিচয় নিশ্চিত করেছেন। মৃত্যুর কারণ জানতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Ad