চকরিয়ায় ডাকাত ধরতে গিয়ে মামলার আসামী হলেন থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য

  • প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ০৪:৫৯
  • আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ০৪:৫৯
WhatsApp Image 2026-11-25 at 4.50.04 PM

এম নুরুল আমিন টিপু চকরিয়াঃ

ডাকাত ধরতে অভিযান চালিয়ে এবার নিজেরাই মামলার আসামি হয়েছেন চকরিয়া থানার ওসি আরিফুর রহমানসহ সাত পুলিশ সদস্য। বান্দরবানের লামার ফাইতং এলাকায় আলোচিত ডাকাত তৌহিদের বাড়িতে অভিযানের পর পুলিশের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। তবে স্থানীয় সূত্র ও পুলিশের বক্তব্যে উঠে এসেছে, অভিযানের লক্ষ্যবস্তু বাড়িটি ডাকাত তৌহিদের হলেও সেটি তার শ্যালক সৌদি আরবপ্রবাসী রিয়াদের বাড়ি হিসেবে পরিচিত করার চেষ্টা চলছে। পুলিশের অভিযানকে বিতর্কিত করে ভবিষ্যতে ডাকাতবিরোধী অভিযান বাধাগ্রস্ত করতেই এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা। গত ২৩ নভেম্বর বান্দরবানের লামা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়।মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত লামার ফাইতং এলাকায় অভিযান চালায় চকরিয়া থানা পুলিশ। এ সময় রাস্তার দুই পাশে প্রতিবন্ধকতা তৈরি করে একটি নির্মাণাধীন ভবনে ভাঙচুর চালানো হয়। পরে ভবন থেকে লোহার রড, দরজা, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ট্রাকে করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, ভবনটির মালিক সৌদি আরবপ্রবাসী রিয়াদ।  তবে স্থানীয় সূত্রের দাবি, আলোচিত ডাকাত তৌহিদের শ্যালক রিয়াদ। ফাইতং এলাকায় তৌহিদের দুটি বাড়ি রয়েছে। এর একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এড়াতে প্রবাসী রিয়াদের বাড়ি হিসেবে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, তৌহিদের বিরুদ্ধে প্রায় দুই ডজন মামলা রয়েছে। রিয়াদের বিরুদ্ধেও ডাকাতি ও অর্থ পাচারসহ একাধিক মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশের একটি সূত্র। সূত্রগুলোর ভাষ্য, তৌহিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযান চালাতে গেলে বাড়িটির মালিকানা নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। পুলিশের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা করার ঘটনাও ডাকাতবিরোধী অভিযানকে বিতর্কিত করার কৌশল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমানের দাবি, ভবনটি তৌহিদ নামের এক শীর্ষ সন্ত্রাসীর। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের কেউ বাড়িটি রিয়াদের, আবার কেউ তৌহিদের বলে দাবি করছেন। প্রায় পাঁচ বছর ধরে সেখানে ভবনটির নির্মাণকাজ চলছে বলে জানা গেছে। মামলায় চকরিয়া থানার ওসি আরিফুর রহমান, এসআই শিমুল দাশ, এসআই তামিম, এসআই আবছার, এসআই মনির, এসআই নাছির এবং পুলিশের কথিত সোর্স বাসুকে আসামি করা হয়েছে। মামলার নম্বর সিআর ৩৪২/২৬। আদালত মামলাটি আমলে নিয়ে এসআরবির সিওকে তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

Ad