দেবিদ্বারে ভেঙে পড়া দেয়ালের নিচে থেমে গেলো জীবনের গল্প

  • প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, বিকাল ০৭:১৮
  • আপডেট: ০২ এপ্রিল ২০২৬, বিকাল ০৭:১৮
WhatsApp Image 2026-04-02 at 5.40.01 PM

জিএম মাকছুদুর রহমান:


কুমিল্লার দেবিদ্বারে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আব্দুস সামাদ (৬৫) নামে এক বৃদ্ধ, যিনি একটি রেস্টুরেন্টে ম্যানেজার হিসেবে কাজ করতেন। ২ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের বাগুর বাজার এলাকায় বাগুর বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। নিহত সামাদ ওই উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা এবং “সৈনিক হোটেল এন্ড রেস্টুরেন্ট”-এর মালিক মিজানুর রহমানের শ্বশুর ছিলেন। একই সঙ্গে তিনি সেখানে ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। জানা গেছে, প্রতিদিনের মতো সেদিনও তিনি সকালে হোটেলে এসে ক্যাশে বসেন। হঠাৎ করেই ভবনের একটি পুরোনো দেয়াল ভেঙে তার ওপর ধসে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই আশপাশের দোকানদার ও স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এলেও তাদের আগেই স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। স্থানীয়দের অভিযোগ, রেস্টুরেন্ট ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি জানা থাকার পরও কোনো ধরনের সংস্কার বা সতর্কতা নেওয়া হয়নি। তাদের ধারণা, যথাসময়ে ব্যবস্থা নিলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার পর মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Ad