তিতাসে চেয়ারম্যান প্রার্থীদের দ্বন্দ্বে পণ্ড সংবর্ধনা, দল থেকে বহিষ্কার এমদাদ হোসেন আখন্দ

  • প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:৫০
  • আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:৫০
WhatsApp Image 2026-11-13 at 5.07.20 PM

জিএম মাকছুদুর রহমান:

কুমিল্লার তিতাস উপজেলায় দলীয় সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপি নেতা এমদাদ হোসেন আখন্দকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম স্বাক্ষরিত এক চিঠিতে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে এমদাদ হোসেন আখন্দকে তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি এবং জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত এমদাদ হোসেন জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। স্থানীয় ও দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুরে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে জিয়ারকান্দি ইউনিয়নের সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন আখন্দ এবং জামাল উদ্দিন প্রধানের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে সংঘর্ষ বেঁধে যায়। সংসদ সদস্য সেলিম ভূঁইয়ার উপস্থিতিতেই উভয় পক্ষের অনুসারীরা মারামারি ও ভাঙচুরে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আহত জামাল উদ্দিন প্রধান বর্তমানে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "আমি শারীরিকভাবে অসুস্থ, এখন এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

Ad