রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে রাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু হয়েছে। রথযাত্রা উপলক্ষে নগরীর সাহেব বাজার হুনুমানজিউর মন্দির থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর শাখা এর আয়োজন করে। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রাউদ্বোধনকালে রাসিক প্রশাসক উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছ জানান।এ সময় রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা, রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সাধারণ সম্পাদক মিল্টু কুমার সরকার, কোষাধ্যক্ষ অশোক কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ, মহানগর ও থানা বিএনপির নেতৃবৃন্দ সহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।


