চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা,২ মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১

  • প্রকাশ: ২৮ জুন ২০২৬, দুপুর ০৩:৫৫
  • আপডেট: ২৮ জুন ২০২৬, দুপুর ০৩:৫৫
WhatsApp Image 2026-06-28 at 2.47.57 PM

এম নুরুল আমিন টিপু,চকরিয়াঃ

কক্সবাজারের চকরিয়ার বরইতলী ইউনিয়নের মোহাজের পাড়া এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) সকাল পৌনে ১০ টায় বানৌজা- পেকুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত হলেন বরইতলী মোহাজেরপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ মাহবুব (২৭) ও মৃত কামাল হোছাইনের ছেলে মোহাম্মদ রাসেল (২৩)। নিহত দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। দুর্ঘটনায় মোহাম্মদ শাহেদ (২৪) নামের আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান,মোহাম্মদ মাহবুব মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তাঁর পেছনে ছিলেন রাসেল ও শাহেদ। মোটরসাইকেল চালিয়ে মাহবুব গ্রামীণ একটি সড়ক থেকে বানৌজা পেকুয়া সড়কে উঠতেই মাইক্রোবাসটির সঙ্গে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি বরইতলী রাস্তার মাথা থেকে পেকুয়ার দিকে যাচ্ছিল।দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় অন্য দুজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে রাসেলের মৃত্যু হয়। আহত শাহেদকে চিকিৎসা দেওয়া হচ্ছে।বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহীদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত দুজনই একই এলাকার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান তিনি।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন,লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি চেয়েছেন। যদি পরিবারের কোনো অভিযোগ না থাকে তাহলে পুলিশ সেভাবেই পরবর্তী পদক্ষেপ নেবে।

Ad