চরফ্যাশনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কর্মচারীর নানা অভিযোগ, তদন্ত ও চাকরি ফিরে পাওয়ার দাবি
আনোয়ার হোসেন ,ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কর্মচারীকে মানসিক ও শারীরিক নির্যাতন, চাকরিচ্যুতির হুমকি, পরীক্ষার খাতায় নম্বর কমানোর অভিযোগ এবং বিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ করেছেন বিদ্যালয়ের সাবেক দপ্তরি কাম নৈশপ্রহরী শামসুল চন্দ্র দাস। তিনি সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও চাকরি ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শামসুল চন্দ্র দাস ২০১৩ সালের মে মাসে ভোলার চরফ্যাশন উপজেলার ৩৫ নম্বর চরকলমী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী পদে যোগদান করেন। তাঁর অভিযোগ, যোগদানের পর থেকেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন তাঁকে বিভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহার করতেন। এমনকি সরকারি ছুটির দিনেও তাঁকে বিদ্যালয়ে কাজ করতে বাধ্য করা হতো। অসুস্থ বাবা-মায়ের চিকিৎসা কিংবা পারিবারিক প্রয়োজনে ছুটি চাইলে তাঁকে মানসিকভাবে নির্যাতন ও চাকরিচ্যুতির হুমকি দেওয়া হতো।
শামসুল চন্দ্র দাসের আরও অভিযোগ, প্রধান শিক্ষক ও তাঁর স্বজনদের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করার অভিযোগ রয়েছে। কোনো অভিভাবক সন্তানকে প্রাইভেট পড়াতে রাজি না হলে পরীক্ষার খাতায় নম্বর কমিয়ে দেওয়ার অভিযোগও করেন তিনি। তাঁর দাবি, এ বিষয়ে কয়েকজন অভিভাবক প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তী সময়ে অভিভাবকরা শিক্ষা অফিসেও লিখিত অভিযোগ দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ের একটি কক্ষে দোকান পরিচালনার জন্য একজনকে জায়গা দেওয়া এবং দোকানের মালামাল রাখার জন্য কক্ষের চাবি দেওয়ার ঘটনাও ঘটে। পরে ওই দোকানসংক্রান্ত বিষয়ে আপত্তি জানালে তাঁকে মারধরের নির্দেশ দেওয়া হয় বলে দাবি করেন শামসুল। একপর্যায়ে দোকানদার ও তাঁর সঙ্গে আসা কয়েকজন ব্যক্তি প্রধান শিক্ষকের কক্ষে তাঁর ওপর হামলা চালিয়ে আহত করেন বলেও অভিযোগ করেন তিনি।
শামসুল চন্দ্র দাসের ভাষ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে বিদ্যালয় চলাকালীন দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে তিনি বিদ্যালয়ের একটি কক্ষে খাবার খেতে যান। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁকে ডেকে নেন। তাঁদের সঙ্গে কথা বলার একপর্যায়ে দুটি অপরিচিত মেয়ে তাঁর কক্ষে প্রবেশ করে। পরে তাঁকে মারধর ও হেনস্তা করার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে তাঁর সামাজিক সম্মান ক্ষুণ্ন হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় প্রধান শিক্ষক তাঁর বক্তব্য না শুনেই তাঁর বিরুদ্ধে অবস্থান নেন এবং থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তী সময়ে কোনো নোটিশ বা তদন্ত ছাড়াই তাঁকে চাকরিচ্যুত করা হয় বলে দাবি করেন শামসুল। বর্তমানে বিদ্যালয়ে দোকানদারের ছেলেকে দিয়ে কাজ করানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
লিখিত অভিযোগে শামসুল চন্দ্র দাস জানান, তিনি কয়েকবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত হলেও এখনো চূড়ান্ত সমাধান হয়নি বলে তাঁর দাবি।
তিনি সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার নিরপেক্ষ তদন্ত, বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ যাচাই, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু বিচার এবং চাকরি ফিরে পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ছাড়া তিনি দাবি করেন, বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার প্রকৃত চিত্র পাওয়া যেতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, বিদ্যালয়ের ফুটেজ ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত সংরক্ষিত থাকার কথা



.webp)