বুড়িচং উপজেলার নিমসারে নির্মাণ হবে সবজি সংরক্ষণাগার: কৃষিমন্ত্রী
জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। এ খাতকে শক্তিশালী করতে সরকার কৃষকবান্ধব নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি কিংবা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। শনিবার (১৮ এপ্রিল) কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিনধরা এলাকায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন শেষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, কৃষকেরা মাঠে পরিশ্রম করে উৎপাদন বাড়ালেও বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্যে ন্যায্য মূল্য পান না। অন্যদিকে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ কিনতেও তাদের বাড়তি খরচ গুনতে হয়। কৃষকদের স্বার্থ রক্ষায় এসব সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, কৃষকদের জন্য চালু করা কৃষি কার্ডের মাধ্যমে ভর্তুকি, প্রণোদনা ও নানা সুবিধা সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের উন্নয়ন ও কল্যাণে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। অনুষ্ঠানে মন্ত্রী নিমসার সবজি বাজারে দ্রুত একটি আধুনিক সবজি সংরক্ষণাগার নির্মাণের ঘোষণা দেন। তিনি জানান, এটি চালু হলে কৃষকরা উৎপাদিত পণ্য দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারবেন এবং বাজার পরিস্থিতি অনুকূলে এলে বিক্রি করে ভালো দাম পাবেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন। বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কবির হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ ছাড়া উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



