ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য মন্ত্রীর শোক

  • প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৬:৪৯
  • আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৬:৪৯
WhatsApp Image 2026-09-12 at 12.34.20 PM

বশির আহাম্মদ বান্দরবান জেলা প্রতিনিধি :

 পার্বত্য বৌদ্ধ মিশনের (পিবিএম) স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট বৌদ্ধ ধর্মগুরু, সমাজচিন্তক ও মানবহিতৈষী পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি।শনিবার (১২ই সেপ্টেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব মোঃ রাশেদুল হক গণমাধ্যমের কাছে পার্বত্য মন্ত্রীর শোক বার্তাটি প্রদান করেন। শোকবার্তায় মন্ত্রী বলেন, ভদন্ত সুমনালঙ্কার মহাথেরো ধর্ম, শিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ একজন মহৎ সাধক ছিলেন। পার্বত্য চট্টগ্রামের দরিদ্র, সুবিধাবঞ্চিত ও অনাথ শিশুদের শিক্ষারসুযোগ সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অবদান অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।মন্ত্রী আরও বলেন, মৈত্রী, করুণা ও প্রজ্ঞার বাণী ধারণ করে মহাথেরো আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর দূরদর্শী উদ্যোগে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত পার্বত্য বৌদ্ধ মিশন পরবর্তীতে অনাথালয়, আবাসিক উচ্চ বিদ্যালয়, পালি কলেজ, বিদর্শন ভাবনা কেন্দ্র, আইসিটি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউটসহ বিভিন্ন মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলে। এসব প্রতিষ্ঠান তাঁর মানবিক দর্শন ও সমাজকল্যাণের আদর্শের স্মারক হয়ে থাকবে।

শোকবার্তায় পার্বত্য মন্ত্রী বলেন, ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সমাজসহ ধর্মীয়, সামাজিক ও মানবিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। শান্তি, সম্প্রীতি, মানবসেবা ও শিক্ষা বিস্তারে তাঁর অবদান মানুষ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।তিনি প্রয়াত মহাথেরোর মহান কর্ম ও আদর্শ আগামী প্রজন্মকে মানবকল্যাণে অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করেন।পার্বত্য মন্ত্রী ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর প্রতি গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করে তাঁর পরম শান্তি ও সদগতি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত শিষ্য, ভক্ত, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Ad