দাউদকান্দিতে দুর্ঘটনায় পড়া গাড়ির ভিডিও করতে গিয়ে বাসের ধাক্কায় অপর গাড়ি খাদে
জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালকের অসাবধানতার কারণে এক অদ্ভুত ও মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে দুটি মাইক্রোবাস। খাদে পড়ে যাওয়া একটি মাইক্রোবাসের ভিডিও ধারণ করতে গিয়ে অন্য আরেকটি মাইক্রোবাস যাত্রীবাহী বাসের ধাক্কায় খাদের কিনারে পড়ে যায়।বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা আনুমানিক ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার টামটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়ক দিয়ে চট্টগ্রামগামী একটি গতিশীল মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। সে সময় পেছন থেকে আসা আরেকটি মাইক্রোবাসের চালক ওই দুর্ঘটনার দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করতে যান। ঠিক তখনই পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস ভিডিও ধারণরত মাইক্রোবাসটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে দ্বিতীয় মাইক্রোবাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদের কিনারে পড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িগুলোতে আটকে পড়া চালকদের উদ্ধার করেন। গাড়িগুলোতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা রিফাত আহাম্মেদ জানান, গাড়ি দুটি খাদে পড়ে যেতে দেখেই আমরা দৌড়ে গিয়ে চালকদের উদ্ধার করি। সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হননি। এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট জুলকার নাদিম জানান, চালকদের অতিরিক্ত অসাবধানতা ও বেপরোয়া ভাবই এই দুর্ঘটনার মূল কারণ। দুর্ঘটনায় গুরুতর কেউ আহত হননি। ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে।



