দেবিদ্বারে মাদক সেবনের দায়ে যুবককে ৩ মাসের কারাদণ্ড
জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনের অপরাধে রেবায়েত উল্লাহ মির্জা (৩৫) নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৯ জুন) দুপুরে উপজেলার সানানগর এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত রেবায়েত উল্লাহ মির্জা ওই এলাকার রেফায়েত উল্লাহ মির্জার ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার সানানগর এলাকায় প্রকাশ্য স্থানে মাদক সেবন করে এক যুবক বিশৃঙ্খলা সৃষ্টি করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মোবাইল কোর্ট। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে রেবায়েত উল্লাহ মির্জাকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত যুবক নিজের দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন জানান, এলাকায় মাদকের বিস্তার রোধ ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অত্যন্ত জরুরি। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযান শেষে সাজাপ্রাপ্ত রেবায়েত উল্লাহ মির্জাকে পুলিশি পাহারায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে থানা পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।



