জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতার সুখ পেয়েছিল: রিজভী
সৈয়দ মোঃ মাসুদ:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাঙালি জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতা পেয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ এনে দিয়েছিলেন। তাঁর আদর্শ ও ৭ নভেম্বরের চেতনা আমাদের মূল অনুপ্রেরণা।মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, সিপাহী-জনতার বিপ্লবের চেতনা এবং জাতীয়তাবাদী দর্শনে এ দেশের সাধারণ শিক্ষার্থীরা সবসময় উজ্জীবিত হয়েছে। দেশে যখনই অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন ও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে, তখনই ছাত্র-জনতা তা প্রতিরোধ করেছে।
ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ফাইয়াজ ও ওয়াসিম আকরামসহ বীর শহীদদের স্মরণ করে তিনি বলেন, যারা ন্যায় ও দেশের স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করে শহীদ হন, তাঁরা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকেন। তাঁদের কখনো মৃত্যু হয় না। তাঁদের আত্মত্যাগ প্রমাণ করে, এই দেশ কোনো একনায়ক বা ফ্যাসিস্টের জন্য নয়; এটি একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য।১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়কে দেশের জন্য বিভীষিকাময় অধ্যায় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল। সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়েছিল। পরবর্তী সময়ে ১৫ আগস্টের পর নানা রাজনৈতিক পটপরিবর্তন ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে সিপাহী-জনতার সম্মিলিত বিপ্লবের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রে আসেন মেজর জিয়াউর রহমান। তাঁর হাত ধরেই জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতা পেয়েছিল।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে দিল্লির কাছে মাথা নত করা হয়েছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জনগণের অধিকার কেড়ে নিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু দেশের মুক্তিকামী ছাত্রসমাজ তা মেনে নেয়নি। কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী কর্তৃক শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতিপুতি’ হিসেবে অভিহিত করার প্রতিবাদে পুরো দেশ জেগে উঠেছিল। শেষ পর্যন্ত ছাত্র-জনতা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছিল।রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রিমন আলী। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ডা. মোফাককারুল ইসলাম, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম।এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

.webp)

