সিআর সেভেনের শেষ বিশ্বকাপ: রাজশাহীতে ৬৪ জেলার ভক্তদের মহামিলন মেলা

  • প্রকাশ: ২৩ জুন ২০২৬, রাত ০৯:৪৬
  • আপডেট: ২৩ জুন ২০২৬, রাত ০৯:৪৬
1000233850

সৈয়দ মাসুদ ,রাজশাহী :

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে রাজশাহীতে বসেছে বাংলাদেশের রোনালদো ভক্তদের এক অভূতপূর্ব মিলনমেলা। দেশের ৬৪টি জেলা থেকে ছুটে আসা দুই শতাধিক 'সিআর সেভেন' ভক্ত একত্রিত হয়ে বড় পর্দায় উপভোগ করবেন পর্তুগাল বনাম উজবেকিস্তানের মধ্যকার ম্যাচটি। এর আগে সারাদিন জুড়ে তারা মেতে ছিলেন রোনালদো ও পর্তুগাল নিয়ে আড্ডা, কুইজ আর বাঁধভাঙা উচ্ছ্বাসে।

মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পর্তুগাল ও দলের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচ। এই ম্যাচটিকে যৌথভাবে উদযাপনের জন্য রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে জড়ো হয়েছেন দেশের নানা প্রান্তের ভক্তরা। কেউ এসেছেন ঢাকা বা চট্টগ্রাম থেকে, আবার কেউবা যশোর কিংবা খুলনা থেকে। ৬৪ জেলা থেকে রাজশাহীতে আসার দীর্ঘ পথের ক্লান্তি আর কষ্টকে অনায়াসেই হার মানিয়েছে প্রিয় তারকার প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা।

রাতে বড় পর্দায় খেলা দেখার মূল আকর্ষণের আগে সারাদিন জুড়েই ছিল উৎসবমুখর পরিবেশ।

উৎসবের সূচনা হয় দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের পরিচিতি পর্বের মাধ্যমে।

 পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদোর বর্ণিল ফুটবল ক্যারিয়ার ও অনুপ্রেরণামূলক জীবনকর্ম নিয়ে আলোচনা করা হয়।

 পর্তুগাল ও রোনালদো বিষয়ক কুইজ প্রতিযোগিতার পাশাপাশি আয়োজন করা হয় কেক কাটা, নাচ, গান ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।


আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের এবারের আসরের শুরুটা খুব একটা ভালো হয়নি। প্রথম ম্যাচে কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। তবে তাতে ভক্তদের সমর্থনে বিন্দুমাত্র ভাটা পড়েনি। তাদের দৃঢ় বিশ্বাস, আজকের ম্যাচেই সিআর সেভেনের পায়ের জাদুতে নতুন করে গর্জে উঠবে পর্তুগাল।

আয়োজকরা জানান, নিজের শেষ বিশ্বকাপে রোনালদো যেন শিরোপা ছুঁয়ে বিদায় নিতে পারেন এটিই সব ভক্তের একমাত্র চাওয়া। প্রিয় তারকার এই স্মরণীয় যাত্রার সঙ্গী হতেই তাদের এই সম্মিলিত আয়োজন। মিলনমেলাটিকে আরও উৎসবমুখর করতে অংশগ্রহণকারী সকল ভক্তকে আয়োজকদের পক্ষ থেকে পর্তুগালের জার্সি উপহার দেওয়া হয়েছে এবং সেই সাথে ছিল ঐতিহ্যবাহী ভুরিভোজের রাজকীয় ব্যবস্থা।

Ad