তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় বাসায় তালা ভেঙে চুরি: সামারি ট্রায়ালে তাৎক্ষণিক দেড় বছরের কারাদণ্ড

    • প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৮:৪৮
    • আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৮:৪৮
    1000276149

    সৈয়দ মোঃ মাসুদ:

    রাজশাহী মহানগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় এক বাড়িতে তালা ভেঙে চুরির সময় হাতেনাতে ধরা পড়া রাহিদুল ইসলাম নামের এক চোরকে সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে দেড় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।



    ঘটনা সূত্রে জানা যায়, সোমবার সকালে তেরখাদিয়া স্টেডিয়াম এলাকার বাসিন্দা লালন শাহের বাসা খালি থাকার সুযোগে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসামি রাহিদুল। এরপর সে বাসায় থাকা মোটরসাইকেলের ব্যাটারি চুরির চেষ্টা করে। এ সময় লালন শাহের স্ত্রী বিষয়টি টের পেয়ে যান এবং চিৎকার শুরু করেন।

    স্ত্রীর চিৎকারে চোর রাহিদুল ইসলাম পালানোর চেষ্টা করলে আশপাশের স্থানীয় লোকজন তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। এ সময় তার কাছ থেকে চুরিকৃত ব্যাটারি, ব্যাটারি খোলার বিভিন্ন যন্ত্রপাতি এবং অনেকগুলো নকল চাবি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মালামালসহ আসামিকে হেফাজতে নেয়।

    পরবর্তীতে আসামিকে মালামালসহ বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্লাহ-এর আদালতে হাজির করা হয়। আদালত মামলাটি সরাসরি আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়া শুরু করেন। শুনানিকালে আসামি রাহিদুল ইসলাম নিজের অপরাধ স্বীকার করায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে তাকে দেড় বছরের কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    Ad